
ফরিদপুরের মধুখালীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে মির্জা ইশতিয়াক আহমেদ ওরফে প্রান্ত (২৭) নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনায় ডিবি ফরিদপুর সদর জোনের ওসি সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে বলা হয়, প্রশাসনিক কারণে ওসি আলমগীর হোসেনকে প্রত্যাহার করে একই দিন দুপুর ১টার মধ্যে ফরিদপুর পুলিশ লাইন্সে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম জানান, প্রশাসনিক কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে ইতোমধ্যে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।নিহত মির্জা ইশতিয়াক আহমেদ মধুখালী পৌরসভার পশ্চিম গোন্দারদিয়া এলাকার বাসিন্দা ও ফরিদপুর আইন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।পরিবারের অভিযোগ, গত শনিবার (২০ জুন) বিকেলে ডিবি পুলিশ ইশতিয়াককে আটক করে এবং তার মায়ের সামনেই মারধর করা হয়। পরে রোববার (২১ জুন) সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডিবি হেফাজতে তার মৃত্যু হয়।ঘটনার প্রতিবাদে সোমবার জানাজার আগে এলাকাবাসী বিক্ষোভ কর্মসূচি পালন করে এবং প্রায় ৪০ মিনিট ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পরিবারের অনুরোধে অবরোধ প্রত্যাহার করা হয়।এদিকে, জানাজার আগে মধুখালী ঈদগাহ ময়দানে আয়োজিত সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদসহ স্থানীয় বিএনপি নেতারা ঘটনাটিকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করেন। তারা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।