
ঢাকার অভিজাত গুলশান-২ এলাকার বহুল আলোচিত একটি বাড়ি নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন হাইকোর্ট। আদালত রায়ে বলেছেন, গুলশানের ১০৪ নম্বর সড়কের ২৯ নম্বর বাড়িটি সরকারের সম্পত্তি এবং এটি তিন মাসের মধ্যে সরকারের কাছে হস্তান্তর করতে হবে সাবেক জাতীয় ফুটবলার, ব্যবসায়ী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদীকে।বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, গুলশানের সিইএন (ডি)-২৭ নম্বর সম্পত্তিটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত ছিল এবং আইনগতভাবে অবমুক্ত না হওয়া পর্যন্ত এর সেই অবস্থার কোনো পরিবর্তন হয়নি।রায়ে বলা হয়, পরিত্যক্ত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত হওয়ার পরও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পত্তিটির মালিকানা পরিবর্তনের চেষ্টা করা হয়েছে। তবে এসব হস্তান্তর আইনগতভাবে বৈধ নয়। ফলে বর্তমানে বাড়িটি সরকারের মালিকানাধীন সম্পত্তি হিসেবেই গণ্য হবে।মামলার নথি অনুযায়ী, স্বাধীনতার পর সম্পত্তিটি পরিত্যক্ত সম্পত্তি হিসেবে সরকারের নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে বিভিন্ন দলিল, নামজারি ও হস্তান্তরের মাধ্যমে ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠার চেষ্টা করা হলেও এসব প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে।২০২২ সালে এ বিষয়ে একটি রিট আবেদন করা হলে হাইকোর্ট সম্পত্তি-সংক্রান্ত নথি তলব করেন এবং অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দেন। পরে দুদকের তদন্ত প্রতিবেদনে মালিকানা হস্তান্তরের বিভিন্ন ধাপে অসংগতি ও জালিয়াতির অভিযোগ উঠে আসে।চূড়ান্ত শুনানি শেষে আদালত রায়ে বলেন, যথাযথ আইনি প্রক্রিয়ায় পরিত্যক্ত সম্পত্তির মর্যাদা পরিবর্তন না হওয়ায় পরবর্তী সময়ে সম্পত্তি হস্তান্তরের পুরো প্রক্রিয়াই বেআইনি। তাই বাড়িটি সরকারের সম্পত্তি হিসেবে গণ্য হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে তা সরকারের কাছে বুঝিয়ে দিতে হবে।