
বিশ্বব্যাপী পলাতক ও বিভিন্ন অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের খুঁজতে ইন্টারপোলের প্রকাশিত ‘ওয়ান্টেড’ তালিকায় বর্তমানে ৫৯ জন বাংলাদেশির নাম রয়েছে। সংযুক্ত আরব আমিরাতে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদ আটকের খবর প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।ইন্টারপোলের ওয়েবসাইট অনুযায়ী, বর্তমানে সংস্থাটির ‘ওয়ান্টেড’ তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের মোট ৬ হাজার ৪৪২ জনের নাম রয়েছে। এর মধ্যে ৫৯ জন বাংলাদেশি নাগরিক।সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ইন্টারপোলের রেড নোটিশভুক্ত ব্যক্তির সংখ্যা প্রকাশিত তালিকার চেয়েও বেশি। নিরাপত্তাজনিত কারণে সব রেড নোটিশধারীর নাম ওয়েবসাইটে প্রকাশ করা হয় না। তবে এসব তথ্য ইন্টারপোলভুক্ত সদস্য রাষ্ট্রগুলোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেটওয়ার্কে সংরক্ষিত থাকে।সূত্র মতে, বেনজীর আহমদের নামেও রেড নোটিশ জারি করা হলেও তা প্রকাশ্য ‘ওয়ান্টেড’ তালিকায় যুক্ত করা হয়নি। এমন পদক্ষেপ নেওয়া হয় যাতে অভিযুক্ত ব্যক্তি আগাম সতর্ক হয়ে আত্মগোপনে যেতে না পারেন।ওয়ান্টেড তালিকায় থাকা বাংলাদেশিদের বিরুদ্ধে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে হত্যা, প্রতারণা, আর্থিক অপরাধ, মাদক পাচারসহ নানা ধরনের অভিযোগ রয়েছে। এসব ব্যক্তিকে খুঁজছে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, ভারত, মালদ্বীপ, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, বেলজিয়ামসহ বিভিন্ন দেশের কর্তৃপক্ষ।বিদেশি রাষ্ট্রগুলোর অনুরোধে খোঁজা বাংলাদেশিদের মধ্যে রয়েছেন চাঁদপুর সদরের রাজু ঢালী। একটি হত্যা মামলায় তাকে খুঁজছে সিঙ্গাপুরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।আন্তর্জাতিক অপরাধ দমন ও পলাতক আসামিদের গ্রেপ্তারে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে তথ্য আদান-প্রদানের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে ইন্টারপোল।