
দুবাই বিমানবন্দর থেকে নয়, বরং বাসার পাশের একটি শপিং মল থেকে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদকে আটক করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। পরিবারের অভিযোগ, একজন সংসদ সদস্য (এমপি) বন্ধু ও ব্যবসায়িক সহযোগীর ডাকে সেখানে গেলে আগে থেকেই অবস্থান নেওয়া দুবাই পুলিশ তাকে আটক করে।পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে দুবাইয়ে অবস্থান করছিলেন বেনজীর আহমদ। গত ১২ জুন তিনি বাসায় থাকাকালে চট্টগ্রাম অঞ্চলের এক সংসদ সদস্য তাকে ফোন করে নিকটস্থ একটি শপিং মলে দেখা করার অনুরোধ জানান। সেখানে পৌঁছানোর পর দুবাই পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরিবারের দাবি, ঘটনাস্থলে ওই সংসদ সদস্যের ঘনিষ্ঠ লোকজনও উপস্থিত ছিলেন।পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ করে তারা জানতে পেরেছেন যে স্থানীয়ভাবে বেনজীর আহমদের বিরুদ্ধে কোনো মামলা নেই। তাদের দাবি, বাংলাদেশ পুলিশের আবেদনের ভিত্তিতে ইন্টারপোলের রেড নোটিশ সংক্রান্ত তথ্যের কারণেই তাকে আটক করা হয়েছে।একই সঙ্গে পরিবারের অভিযোগ, সংশ্লিষ্ট সংসদ সদস্য ব্যক্তিগত উদ্যোগে রেড নোটিশের কাগজপত্র দুবাই পুলিশের কাছে পৌঁছে দিতে ভূমিকা রাখেন। তবে এ অভিযোগের স্বাধীন কোনো যাচাই এখনো পাওয়া যায়নি।এদিকে দুবাইয়ে টানা সরকারি ছুটির কারণে মঙ্গলবার (১৬ জুন) আদালতে বেনজীর আহমদকে হাজির করা বা তার জামিন আবেদনের শুনানি হতে পারে বলে জানা গেছে। এ বিষয়ে তার পক্ষে স্থানীয় একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।