
রাজধানীর শেরেবাংলা নগর এলাকার জিয়া উদ্যানের গ্লাস ব্রিজ সংলগ্ন এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (১১ জুন) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।আহতরা হলেন শেরেবাংলা নগর থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) সামসুজ্জোহা (৩৪) এবং পিওএমে কর্মরত কনস্টেবল মো. হৃদয় হোসেন (২০)। তাদের দুজনেরই বাম কাঁধের ওপর ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।শেরেবাংলা নগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মোমিন জানান, ছিনতাইকারীরা একটি অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় টহলরত পুলিশ সদস্যরা মোটরসাইকেলে তাদের ধাওয়া করেন। একপর্যায়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে দুই পুলিশ সদস্যের ওপর এলোপাতাড়ি হামলা চালিয়ে পালিয়ে যায়।পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ছুরিকাঘাতে আহত দুই পুলিশ সদস্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাদের উভয়ের বাম কাঁধে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।পুলিশ জানিয়েছে, হামলাকারী ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।