
রাজধানী ঢাকায় তালিকাভুক্ত ছিনতাইকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৭ জন। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, হালনাগাদ করা তালিকায় সবচেয়ে বেশি ছিনতাইকারীর অবস্থান ওয়ারী বিভাগে, যেখানে ৩০৮ জনের নাম রয়েছে।ডিএমপির তথ্য অনুযায়ী, রাজধানীর আটটি ক্রাইম বিভাগের ৫০টি থানার আওতায় এই তালিকা প্রস্তুত করা হয়েছে। ওয়ারী বিভাগের পর তেজগাঁও ও উত্তরা বিভাগে রয়েছে ২৪০ জন করে ছিনতাইকারী। এছাড়া মতিঝিল বিভাগে ১৬৮, লালবাগে ১৫৯, রমনায় ১৫২, গুলশানে ৬৭ এবং মিরপুর বিভাগে ৫৩ জন ছিনতাইকারীর নাম তালিকাভুক্ত করা হয়েছে।ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ১ মে থেকে ৭ জুন পর্যন্ত রাজধানীজুড়ে এক হাজার ১০৬ জন সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতকে গ্রেপ্তার করেছে ডিএমপি। গ্রেপ্তারদের মধ্যে বেশ কয়েকজন তালিকাভুক্ত ছিনতাইকারীও রয়েছে।ডিএমপির সদরদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত পাঁচ মাসে রাজধানীর ৫০টি থানায় ছিনতাই, দস্যুতা ও ডাকাতির ঘটনায় মোট ১৬২টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩৯টি মামলা হয়েছে ওয়ারী বিভাগে। তেজগাঁও বিভাগে ২৮টি, মতিঝিলে ২৬টি, গুলশানে ১৭টি এবং রমনা, মিরপুর ও উত্তরা বিভাগে ১৬টি করে মামলা হয়েছে। লালবাগ বিভাগে হয়েছে চারটি মামলা।অন্যদিকে পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে ঢাকাসহ সারা দেশে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় মোট ৩ হাজার ৮৯৯টি মামলা হয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিএমপির চলমান অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।