
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিনসহ মো. রাহিম (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।সোমবার (৮ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপালপুর-বাংলাবাজার সড়কের বায়তুন নূর জামে মসজিদের সামনে স্থাপিত একটি পুলিশ চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।আটক রাহিম উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসন্তবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির জসিম উদ্দিনের ছেলে।পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেগমগঞ্জ থানার উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ অভিযান ও চেকপোস্ট পরিচালনা করা হচ্ছিল। এরই অংশ হিসেবে গোপালপুর-বাংলাবাজার সড়কে একটি চেকপোস্ট বসানো হয়।সন্ধ্যা সোয়া ৬টার দিকে একটি মোটরসাইকেলে করে চেকপোস্ট অতিক্রম করার সময় রাহিমকে থামানো হয়। তার আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তল্লাশি চালায়। একপর্যায়ে তার কোমরে লুকিয়ে রাখা অবস্থায় তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি এবং তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।এ সময় তার ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটিও জব্দ করা হয়।নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।