
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী-এর মতিঝিলের অস্থায়ী অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় তিনি জানান, মতিঝিলের হোটেল পারাবাতের গ্যারেজে থাকা অস্থায়ী অফিসটি বন্ধ করা হয়েছে। এখন থেকে সব সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম রূপায়ণ টাওয়ার-এর ১৫ তলা থেকে পরিচালিত হবে।তিনি আরও বলেন, জনগণের আস্থা, রাজনৈতিক শালীনতা, নিরাপত্তা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই তাদের কার্যক্রম চলবে।সতর্কবার্তায় তিনি উল্লেখ করেন, কেউ যদি পূর্বের স্থানে গিয়ে কোনো ধরনের নিরাপত্তাজনিত ঝুঁকি, হামলা বা ক্ষতির সম্মুখীন হন, তার দায় ব্যক্তি নিজেই বহন করবেন। সবাইকে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বানও জানান তিনি।