
দুর্নীতি, ঘুষ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার ও স্বজনপ্রীতির অভিযোগে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তা মুহাম্মদ জাকির হোসেন-কে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর তদন্ত চলমান থাকা অবস্থায় তাকে মূল্য সংযোজন কর (ভ্যাট) বিভাগের গুরুত্বপূর্ণ দপ্তর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের ঢাকা মহাপরিচালক (ডিজি) পদে পদায়ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।প্রশাসনিক সূত্রগুলো বলছে, এই পদায়নকে ঘিরে প্রশাসনে বিস্ময় ও জনমনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, পূর্ববর্তী সময়ে ক্ষমতাসীন মহলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন জাকির হোসেন। সেই প্রভাব কাজে লাগিয়ে প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকার “ভ্যাট অনলাইন প্রকল্প”-এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পান তিনি।এ প্রকল্পকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম, কমিশন বাণিজ্য এবং আর্থিক দুর্নীতির অভিযোগও রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে শত শত কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে, যা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে।তবে এসব অভিযোগের বিষয়ে মুহাম্মদ জাকির হোসেন-এর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, অভিযোগের সত্যতা যাচাই ও আর্থিক অনিয়মের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা গেছে।