
আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২৬ উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর এলাকার সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৮ মে) সকাল ১১টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা।সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, রাষ্ট্র ও শহর সবার। তাই শহরকে সুন্দর ও সচল রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি জানান, চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদকবিরোধী বিশেষ অভিযান ইতোমধ্যে চলমান রয়েছে এবং তা অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, ঈদের সময় নৌপথে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। একইসঙ্গে সড়ক খোঁড়াখুঁড়ি এড়িয়ে চলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান তিনি, যাতে ঈদযাত্রা নির্বিঘ্ন হয়।সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশের বিশেষায়িত ইউনিট, নৌপরিবহন অধিদপ্তর, বিআইডব্লিউটিএ, সড়ক ও জনপথ অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাস-ট্রাক ও লঞ্চ মালিক-শ্রমিক সংগঠনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। পরে অংশগ্রহণকারীরা উন্মুক্ত আলোচনায় মতামত দেন।সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।