
রাজধানী ঢাকায় জননিরাপত্তা জোরদারে নতুন আরও চারটি থানা স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। একইসঙ্গে বিভিন্ন অপরাধপ্রবণ ও জনবহুল এলাকায় নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের কাজও চলমান রয়েছে।শুক্রবার (৮ মে) রাজধানীর ৩০০ ফিট এলাকায় পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১ এ ‘খিলক্ষেত পুলিশ ফাঁড়ি’ উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।তিনি বলেন, গত সপ্তাহে কারওয়ান বাজারে একটি নতুন পুলিশ ক্যাম্প চালু করা হয়েছে, যার উদ্দেশ্য চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধ প্রতিরোধ করা। এছাড়া খিলক্ষেতে নতুন ফাঁড়ি চালুর পর আরও কয়েকটি এলাকায় ফাঁড়ি স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।ডিএমপি কমিশনার জানান, মোহাম্মদপুরের বেরিবাঁধ হাউজিং এলাকায় জায়গা পাওয়া গেলে সেখানে দ্রুত আরেকটি ক্যাম্প স্থাপন করা হবে। পাশাপাশি বাড্ডা থেকে দূরবর্তী বেরাইদ এলাকায়, গেন্ডারিয়া ও ওয়ারির ঘুন্টিগড় এলাকাতেও নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের পরিকল্পনা রয়েছে।তিনি আরও বলেন, অনুমোদিত কিছু পুলিশ ফাঁড়িকে পুনর্বিন্যাস করে জনবহুল ও অপরাধপ্রবণ এলাকায় স্থানান্তর করা হচ্ছে। খিলক্ষেত পুলিশ ফাঁড়ি সেই পরিকল্পনারই অংশ।গত ১৫-১৬ বছরে পুলিশের উন্নয়নে তেমন নজর দেওয়া হয়নি উল্লেখ করে মো. সরওয়ার বলেন, “এখন আমরা জনগণের সেবার জন্য কাজ করছি। দলমত নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”