
খুলনায় গুলিবিদ্ধ আন্তজেলা ডাকাত সর্দার রাজু ওরফে ‘গালকাটা রাজু’কে ঢাকায় নেওয়ার পথে আবারও হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে তার অস্ত্রোপচার সম্পন্ন হলেও তার অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।পুলিশ সূত্রে জানা যায়, লুণ্ঠিত অর্থের ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে সোমবার দুপুরে খুলনার লবণচরা থানার কুবা মসজিদ এলাকায় রাজুকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে তার পেটের বাম পাশ দিয়ে গুলি ঢুকে পিঠ দিয়ে বের হয়ে যায়।গুলিবিদ্ধ হওয়ার পর তিনি প্রথমে এক পরিচিত নারীর বাড়িতে আশ্রয় নেন। পরে অবস্থার অবনতি হলে বিভিন্ন হাসপাতালে নেওয়া হলেও ‘পুলিশ কেস’ হওয়ায় কোথাও ভর্তি করা হয়নি। শেষ পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে পুলিশ তাকে আটক করে।রাত ১২টা ২২ মিনিটে পুলিশ পাহারায় অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানোর সময় রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় আবারও হামলা চালায় দুর্বৃত্তরা। অ্যাম্বুলেন্স লক্ষ্য করে ৪-৫ রাউন্ড গুলি ছোড়া হয়। পরে হাইওয়ে পুলিশের তৎপরতায় হামলাকারীরা পালিয়ে যায় এবং নিরাপত্তার মধ্যেই অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।পুলিশ জানায়, রাজুর বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে এবং তিনি একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের নেতৃত্ব দিতেন। ঘটনার পেছনের কারণ অনুসন্ধান করা হচ্ছে, তবে এখনো কাউকে আটক করা যায়নি।