
রাজধানীতে আয়োজিত জেলা প্রশাসক সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু দাবি করেছেন, বর্তমানে দেশে কোথাও লোডশেডিং নেই।মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত সম্মেলনের সেশন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।মন্ত্রী বলেন, অতীতে যে লোডশেডিং হয়েছিল তা ছিল সাময়িক এবং মূলত কারিগরি ত্রুটির কারণে। তিনি জানান, কিছু বিদ্যুৎ উৎপাদন যন্ত্র বিকল হয়ে পড়ায় ওই পরিস্থিতি তৈরি হয়েছিল, তবে সেগুলো ইতোমধ্যে মেরামত করা হয়েছে। “এখন দেশে কোথাও লোডশেডিং নেই,”—জোর দিয়ে বলেন তিনি।গ্রামাঞ্চলে বিদ্যুৎ সমস্যার প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করেন, পল্লী বিদ্যুতের দীর্ঘ লাইনে কোথাও ত্রুটি দেখা দিলে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকতে পারে। তবে সেটিকে লোডশেডিং না বলে কারিগরি সমস্যা হিসেবে উল্লেখ করেন তিনি।তেলের সংকটের কারণে লোডশেডিং হওয়ার আশঙ্কা উড়িয়ে দিয়ে মন্ত্রী বলেন, জ্বালানির ঘাটতির কারণে কখনও লোডশেডিং হয়নি। তিনি অভিযোগ করেন, কিছু অসাধু চক্র ডিজেল চুরি ও কৃত্রিম সংকট তৈরি করে পরিস্থিতি জটিল করেছিল। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।