
আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে আবারও ব্যর্থ হয়েছে উচ্চপর্যায়ের টাস্কফোর্স। ফলে শেষবারের মতো আরও ৬ মাস সময় দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট।রোববার (২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সাইফুল করিম-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে রিটকারী আইনজীবী শিশির মনির ও মঞ্জিল মোরশেদ তদন্ত কর্মকর্তাকে তলবের আবেদন জানান। এ সময় টাস্কফোর্স কমিটির অগ্রগতি প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়।পরে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও ৬ মাস সময় চান। যদিও রিটকারীরা ৩ মাস সময় দেওয়ার পক্ষে মত দেন, আদালত শেষ পর্যন্ত ৬ মাস সময় মঞ্জুর করেন।এদিন আদালতে অ্যাটর্নি জেনারেল বলেন, ১৩ বছরেও এই মামলার চার্জশিট না হওয়া অত্যন্ত বেদনাদায়ক।এর আগে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন এবং তদন্তের জন্য ৬ মাস সময় নির্ধারণ করেন। পিবিআই প্রধানকে আহ্বায়ক করে ৪ সদস্যের এই টাস্কফোর্স মামলাটি তদন্ত করছে।উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি। দীর্ঘদিন পেরিয়ে গেলেও মামলার চূড়ান্ত অগ্রগতি না হওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।