
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে থাকা বিপুল সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) তার মালিকানাধীন বিদেশের ২৯৭টি বাড়ি ও ৩০টি অ্যাপার্টমেন্ট জব্দের নির্দেশ দেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা তার এক কোটি ডলার অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। দুদকের পক্ষে উপপরিচালক মশিউর রহমান সম্পদ জব্দের আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ।
এছাড়া একই দিনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর আবেদনে আদালত সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ছয়জনের নামে থাকা ৪ কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৫টি শেয়ার অবরুদ্ধের আদেশ দেন।
দুদক সূত্রে জানা গেছে, জাবেদের বিদেশি সম্পদের মধ্যে যুক্তরাষ্ট্রে রয়েছে ৪০টি বাড়ি, থাইল্যান্ডে ২৩টি, মালয়েশিয়ায় ৪৭টি, দুবাইতে ৫৯টি, কম্বোডিয়ায় ১১৭টি, ভিয়েতনামে ৪টি বাড়ি ও ৩০টি অ্যাপার্টমেন্ট, ভারতে ৯টি এবং ফিলিপাইনে ২টি বাড়ি।
প্রসঙ্গত, আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের সংসদ নির্বাচনের আগে তার বিরুদ্ধে বিদেশে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। পরবর্তীতে তাকে আর নতুন সরকারে মন্ত্রী হিসেবে দেখা যায়নি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগমুহূর্তে তিনি স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে চলে যান। তার বিরুদ্ধে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগে দুদক ও সিআইডি একাধিক মামলা দায়ের করেছে।