
ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে মার্চ-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন।মার্চ মাসের মূল্যায়নে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছে মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ থানা হয়েছে হাজারীবাগ থানা।সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ জাহিদ হোসেন।এসআই পর্যায়ে যৌথভাবে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন খিলগাঁও থানার এসআই মোঃ আবু সায়েম এবং বিশেষভাবে উল্লেখযোগ্যভাবে ভাটারা থানার এসআই মোঃ হাফিজুর রহমান—যার কার্যক্রম ও পেশাদারিত্ব সভায় বিশেষভাবে প্রশংসিত হয়।এএসআই পর্যায়ে যৌথভাবে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন যাত্রাবাড়ী থানার এএসআই মোঃ আখতারুজ্জামান মন্ডল পলাশ এবং মোহাম্মদপুর থানার এএসআই মোঃ রকিবুল হাসান।গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ডিবি-লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন ডিবি-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ফজলুল করিম, পিপিএম-সেবা।ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-গুলশান বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট হিসেবে যৌথভাবে নির্বাচিত হয়েছেন মহাখালী ট্রাফিক জোনের সার্জেন্ট আঞ্জুম আল-হাসিব এবং মোহাম্মদপুর ট্রাফিক জোনের সার্জেন্ট রাসেল আলম।সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ মাসুদ করিম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) সানা শামীনুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি, পিপিএম; যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ ডিএমপির বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য কর্মকর্তারা।