
খুলনায় লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেট কার দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় গাড়িতে থাকা চার যাত্রী আহত হয়েছেন।রোববার (২৯ মার্চ) বিকেলে নগরীর খানজাহান আলী থানাধীন মাশিয়ালী মাঠ এলাকার একটি লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন—সানি (২৫), আইমুল দিপু (২৩), অমিত (২৫) এবং অজ্ঞাতনামা আরও একজন। তাদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। অপর দুজন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে মাশিয়ালী মাঠে ক্রিকেট অনুশীলন শেষে ওই চার যুবক একটি প্রাইভেট কারে করে বাড়ি ফিরছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা Sundarban Express খুলনার দিকে যাচ্ছিল।ট্রেন আসার আগে গেটম্যান ক্রসিংয়ের প্রতিবন্ধক দণ্ড নামাতে শুরু করলে প্রাইভেট কারটি দ্রুত ক্রসিং পার হওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ট্রেনটি গাড়িটিকে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে পাশের দিকে ছিটকে পড়ে।ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।