
বরিশাল জেলার গৌরনদী উপজেলা এলাকায় সন্ধ্যার পর স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের বাইরে আড্ডা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।বুধবার (১১ মার্চ) বিষয়টি জানিয়ে নির্দেশনা প্রকাশ করেন গৌরনদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম। তার ফেসবুক পেজে দেওয়া ঘোষণায় বলা হয়, মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশনা কার্যকর করা হয়েছে।নির্দেশনায় উল্লেখ করা হয়, সন্ধ্যার পর কোনো স্কুল-কলেজগামী ছাত্র বা ছাত্রী রাস্তার মোড়, হোটেল-রেস্তোরাঁ, পার্ক কিংবা স্কুল-কলেজের মাঠে আড্ডা দিতে পারবে না। ওই সময় এসব স্থানে কোনো শিক্ষার্থীকে আড্ডা দিতে দেখা গেলে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।ইউএনও মো. ইব্রাহিম জানান, সম্প্রতি গৌরনদী পৌরশহর ও বিভিন্ন ইউনিয়নে উঠতি বয়সের শিক্ষার্থীদের আড্ডাকে কেন্দ্র করে একটি নেটওয়ার্ক তৈরি হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, যা থেকে অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ার আশঙ্কা রয়েছে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।