
মাত্র ৩৪ হাজার টাকা বেতনের চাকরি করেও রাজধানীর মোহাম্মদপুরে ২১টি ফ্ল্যাটের মালিক হওয়ার অভিযোগ উঠেছে রুহুল আমিন সরদার নামের এক গাড়িচালকের বিরুদ্ধে। তিনি Local Government Engineering Department (এলজিইডি)-তে কর্মরত।জানা গেছে, রুহুল আমিন সরদার ১৯৯৬ সালে এলজিইডিতে দৈনিক ৬০ টাকা হাজিরায় চুক্তিভিত্তিক গাড়িচালক হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীতে বিভিন্ন অনিয়মের অভিযোগে চাকরি হারালেও গত ১৫ আগস্ট আবারও চাকরিতে ফিরে আসেন। বর্তমানে তার মাসিক বেতন প্রায় ৩৪ হাজার টাকা।অভিযোগ রয়েছে, চাকরিতে পুনঃনিয়োগ পেলেও তিনি নিয়মিত গাড়ি চালান না। বরং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তদবির বাণিজ্য এবং বিভিন্ন ঠিকাদারের সঙ্গে যোগসাজশ করে বিপুল অর্থ উপার্জন করেছেন। ঠিকাদারদের কাছে গোপনে টেন্ডারের তথ্য পাচার, গাড়ির তেল চুরির সিন্ডিকেট পরিচালনাসহ নানা অনিয়মের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।এসব অর্থ দিয়ে রাজধানীর মোহাম্মদপুরের একতা হাউজিং ও চন্দ্রিমা হাউজিং এলাকায় একাধিক জমি ও ফ্ল্যাটের মালিক হয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি তিনি জমি কেনাবেচা ও ফ্ল্যাট ব্যবসার সঙ্গেও যুক্ত হয়েছেন।Dhaka Power Distribution Company Limited (ডিপিডিসি) সূত্রে জানা যায়, রুহুল আমিন সরদারের নামে অন্তত ২১টি ফ্ল্যাটে বিদ্যুতের মিটার রয়েছে।তবে অভিযোগ অস্বীকার করে রুহুল আমিন সরদার দাবি করেছেন, ১৮ জন মিলে একটি ভবন নির্মাণ করেছেন এবং বিদ্যুৎ বিভাগের ভুলের কারণে ১৮টি ফ্ল্যাটের মিটার ও একটি কমন মিটার তার নামে হয়েছে। এছাড়া পাশের আরেকটি ভবনের দুটি মিটারও তার নামে ইস্যু করা হয়েছে। তার দাবি, ২১টি মিটারের মধ্যে প্রকৃতপক্ষে মাত্র একটি মিটার তার নিজের।