
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হয়ে বিদেশে পালিয়ে গেলেও তার কোনো অনুশোচনা নেই। তিনি অভিযোগ করেন, বিদেশে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।রোববার দুপুরে ‘মায়ের ডাক’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।বিএনপি মহাসচিব বলেন, তিনি দেশে ফিরে প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি লিখবেন, যাতে সংগ্রামের সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি ভাতা চালুর ব্যবস্থা করা হয়। তিনি বলেন, “আজ আমরা কেউ মন্ত্রী হয়েছি, কেউ এমপি হয়েছি, কেউ বড় চাকরি করছি। কিন্তু যারা এই সংগ্রামের জন্য হারিয়ে গেছে, তাদের সন্তানেরা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে রয়েছে। অন্তত তাদের ভবিষ্যৎ সুন্দর করার চেষ্টা আমরা করতে পারি। তাহলেই আমাদের সরকারের আসাটা সার্থক হবে।”তিনি আরও বলেন, আন্দোলন-সংগ্রামের সময় অনেক সাহসী মানুষ তাকে অনুপ্রেরণা দিয়েছেন এবং সেই সময়ের কঠিন লড়াই তিনি এখনো স্মরণ করেন।অনুষ্ঠানে একটি চলচ্চিত্র নির্মাণের উদ্যোগের কথাও উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এতে যেন দেশের সংগ্রামের সঠিক ইতিহাস তুলে ধরা হয়। তিনি আশা প্রকাশ করেন, চলমান সংগ্রাম ও লড়াই এমনভাবে উপস্থাপিত হবে যাতে তা বিশ্বমঞ্চেও তুলে ধরা যায়।