
গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম–এর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদকের প্রধান কার্যালয়ে এ তথ্য জানান কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন।দুদক জানায়, তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। বিশেষ করে দেশের বিভিন্ন স্থানে ঠিকাদারি কাজ পাইয়ে দিতে সহযোগিতার বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে কমিশন নেওয়ার অভিযোগ ওঠে। একই সঙ্গে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়টি অনুসন্ধান করা হয়।অনুসন্ধান শেষে দুদক জানায়, শেখ সেলিম তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১৩ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৬০ টাকা মূল্যের সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। এ অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৭ (১) ধারায় মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে।এ ছাড়া অভিযোগ-সংশ্লিষ্ট তার স্ত্রী ফাতেমা সেলিমের নামে-বেনামে আরও সম্পদ রয়েছে কি না, তা অনুসন্ধানের জন্য তাকে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৬ (১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে তার সন্তানদের সম্পদের বিষয়েও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দুদক।