
গাজীপুরের হাতিয়াবো মাঠে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিককে হুমকি ও মোবাইল ফোন ভাঙার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে।অভিযোগ অনুযায়ী, ‘জে এ টিভি’র গাজীপুর জেলা প্রতিনিধি ফরিদ হোসেন বিকেল সাড়ে চারটার দিকে একটি খেলার অনুষ্ঠান কাভার করছিলেন। এ সময় সেখানে দায়িত্ব পালনরত বাসন থানার সেকেন্ড অফিসার, এসআই সজীব সাধারণ মানুষের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতিতে জড়িয়ে পড়েন।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এসআই সজীব জনসাধারণকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় কথা বলছিলেন। সাংবাদিক ফরিদ হোসেন তার আচরণের প্রতিবাদ জানিয়ে সংযত থাকার অনুরোধ করলে এসআই সজীব ক্ষিপ্ত হয়ে তার দিকে তেড়ে আসেন। একপর্যায়ে তিনি সাংবাদিকের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে মাটিতে আছড়ে ফেলেন, এতে সেটি ভেঙে যায়।এ সময় জনসমক্ষে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এসআই সজীব বলেন, “থাপ্পড় মেরে দাঁত ফেলে দেওয়া হবে।”স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, ওই কর্মকর্তার বিরুদ্ধে এর আগেও অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। তবে সেসব ঘটনায় দৃশ্যমান কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সাংবাদিক সমাজ ও সচেতন মহল এ ঘটনার নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযুক্ত এসআই সজীবের বক্তব্য জানার চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।