
শিক্ষকতা পেশার মর্যাদা রক্ষার আহ্বান জানিয়ে শিক্ষকদের রাজপথে আন্দোলনে না যাওয়ার কঠোর বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, “আপনি শিক্ষকতা করবেন, আবার ক্লাসরুম ছেড়ে রাজপথে আন্দোলন করবেন— এটা হতে পারে না। শিক্ষকদের দাবি-দাওয়া নিয়মতান্ত্রিকভাবে আসবে এবং আমরা তা অ্যাড্রেস করবো।”বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত করে কোনো কর্মসূচি গ্রহণ করা সমর্থনযোগ্য নয়। শিক্ষকরা জাতি গঠনের কারিগর উল্লেখ করে তিনি বলেন, তাদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে সরকার।এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মন্ত্রী আরও জানান, শিক্ষকদের যেকোনো যৌক্তিক দাবি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। তবে শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে বা শ্রেণিকক্ষ ত্যাগ করে আন্দোলনে যাওয়ার প্রবণতা বরদাস্ত করা হবে না বলেও সতর্ক করেন তিনি।