
সৌদি আরবে পবিত্র রমজান মাসের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামীকাল থেকে। চাঁদ দেখা সাপেক্ষে ১৭ তারিখ রাতে দেশজুড়ে পবিত্র তারাবি নামাজ আদায় করা হবে। একই রাতে ধর্মপ্রাণ মুসল্লিরা প্রথম সেহরি গ্রহণ করবেন।১৮ তারিখ থেকে সৌদি আরবে পবিত্র রমজানের প্রথম রোজা পালন করা হবে। রমজান শুরুর আগের রাতেই পবিত্র তারাবি নামাজের মধ্য দিয়ে ইবাদত-বন্দেগির পরিবেশ সৃষ্টি হবে। দেশটির প্রধান প্রধান মসজিদসহ বিভিন্ন অঞ্চলের মসজিদে বিশেষ আয়োজনের মাধ্যমে তারাবি আদায় করা হবে।রমজানকে কেন্দ্র করে সৌদি আরবজুড়ে নেয়া হয়েছে বাড়তি প্রস্তুতি। মসজিদগুলোতে পরিচ্ছন্নতা, ইফতার ও সেহরির ব্যবস্থা এবং মুসল্লিদের সুবিধার্থে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা এক মাসব্যাপী রোজা, নামাজ ও কোরআন তিলাওয়াতের মাধ্যমে আত্মশুদ্ধির সাধনায় নিয়োজিত থাকবেন।পবিত্র এই মাস মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে। সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানরা গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রমজান পালন করবেন।