
বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ২০২৬ আইপিএলের স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটি চাইলে খেলোয়াড় বদল করার অনুমতিও দেবে বিসিসিআই।
গোহাটিতে ভারতের বার্তা সংস্থা এএনআই–কে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন,
‘সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। কেকেআর যদি বিকল্প খেলোয়াড় নিতে চায়, সে ক্ষেত্রেও বিসিসিআই প্রয়োজনীয় অনুমতি দেবে।’
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার খবর প্রকাশের পর থেকেই কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজের চুক্তি নিয়ে বিতর্ক শুরু হয়। এ প্রেক্ষাপটে ২০২৬ আইপিএলে তার অংশগ্রহণ নিয়েও ভারতে প্রশ্ন উঠতে থাকে।
ভারতের ধর্মীয় আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর এএনআইকে বলেন, কেকেআরের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উচিত ওই ক্রিকেটারকে দল থেকে সরিয়ে দেওয়া। একই সঙ্গে বিজেপি নেতা সঙ্গীত সোম মোস্তাফিজকে দলে নেওয়ায় কেকেআরের মালিক ও বলিউড তারকা শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ বলেও মন্তব্য করেন।
উল্লেখ্য, গত মাসে অনুষ্ঠিত আইপিএলের নিলামে বাংলাদেশ থেকে সাতজন খেলোয়াড়ের নাম থাকলেও দল পান কেবল মোস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স, যা আইপিএলের ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ মূল্য।
এর আগে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি–কে বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছিলেন, মোস্তাফিজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তারা সরকারের নির্দেশনার অপেক্ষায় ছিলেন। একই সময়ে বার্তা সংস্থা আইএএনএস–কে বিসিসিআইয়ের এক সূত্র জানায়, বাংলাদেশের খেলোয়াড়দের আইপিএলে অংশগ্রহণ নিয়ে সরকারের পক্ষ থেকে তখন পর্যন্ত কোনো স্পষ্ট নির্দেশনা পাওয়া যায়নি।
তবে সব জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া আনুষ্ঠানিকভাবে মোস্তাফিজুর রহমানকে কেকেআরের স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান।