
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ ও শহীদের পরিবার। এ সময় হত্যাকাণ্ডের জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানান আন্দোলনকারীরা।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে যমুনার সামনে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। কর্মসূচিতে শহীদ ওসমান হাদির স্ত্রীসহ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ শরীফ ওসমান হাদির হত্যার ঘটনায় সরকার এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তদন্ত সংস্থাগুলো চারবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছিয়েছে, যা বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে।তিনি আরও বলেন, দেশে নির্বাচনের ব্যস্ততার অজুহাতে এই হত্যাকাণ্ডের তদন্ত বারবার পেছানো হচ্ছে। অথচ যাদের আত্মত্যাগের মাধ্যমে রাজনৈতিক দলগুলো রাজনীতি করার সুযোগ পেয়েছে, সেই হত্যার বিচার নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর নীরবতা হতাশাজনক।সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে বিচার নিশ্চিত না করলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তারা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।ঢাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা বলেন, ইনকিলাব মঞ্চ সরকার, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে সর্বাত্মক সহযোগিতা করে এলেও হাদি হত্যার বিচারের প্রশ্নে সবাই নীরব ভূমিকা পালন করছে। তিনি জাতিসংঘের তত্ত্বাবধানে স্বাধীন তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেন।তিনি আরও বলেন, অসহযোগিতা অব্যাহত থাকলে সারাদেশের জনগণকে সঙ্গে নিয়ে যমুনার সামনে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে, যার দায়ভার সরকারকেই নিতে হবে।এ সময় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা, শহীদ ওসমান হাদির স্ত্রীসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এদিকে রাত সাড়ে ৯টার দিকে সংহতি জানিয়ে আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।