
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ উঠেছে। দুদকের একটি বিশ্বস্ত সূত্র জানায়, বাগেরহাটের চিতলমারী উপজেলার বাসিন্দা এসআর ট্রেডার্সের মালিক শহিদুল ইসলাম সোহেল দুদক কর্মকর্তা আবুল হাশেমের বিরুদ্ধে ১০ লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ এনে কমিশনের প্রধান কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন।অভিযোগে বলা হয়, প্রথমে ১০ লাখ টাকা ঘুষ দাবি করা হলেও পরে তা ৫ লাখ টাকায় রফাদফা করার প্রস্তাব দেওয়া হয়। এ সংক্রান্ত একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।অভিযোগ ও ভাইরাল হওয়া কথোপকথনের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে বাগেরহাটে কর্মরত উপ-সহকারী পরিচালক আবুল হাশেমকে দুদকের প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।এ বিষয়ে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।