
মালয়েশিয়ার জোহর রাজ্যের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে বিভিন্ন দেশের মোট ১৩৫ জন অভিবাসী বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।জানুয়ারির শেষ সপ্তাহে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয় বলে ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে।প্রত্যাবাসিতদের মধ্যে রয়েছেন—১১২ জন মিয়ানমারের নাগরিক, ১১ জন ইন্দোনেশিয়ার নাগরিক, ৯ জন বাংলাদেশের নাগরিক, ২ জন শ্রীলঙ্কার নাগরিক এবং ১ জন কম্বোডিয়ার নাগরিক।ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, বন্দিদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১ ও কেএলআইএ-২) এবং পাসির গুদাং ফেরি টার্মিনাল ব্যবহার করে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে।সূত্র জানায়, এসব অভিবাসী বন্দি টর্চার আইনসহ বিভিন্ন আইনে দণ্ড ভোগ সম্পন্ন করার পর প্রত্যাবাসনের আওতায় আনা হয়। প্রত্যাবাসিত সকল বন্দির নাম মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের ব্ল্যাকলিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্ধারিত সময়সীমা পর্যন্ত তারা কোনো উদ্দেশ্যেই মালয়েশিয়ায় পুনঃপ্রবেশ করতে পারবেন না।জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, দণ্ডভোগ শেষ হওয়া বিদেশি নাগরিকরা যেন অবৈধভাবে দেশে অবস্থান না করেন—সে লক্ষ্যে নিয়মিতভাবে পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে এই ধরনের প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।