
উন্নত জীবনের আশায় লিবিয়া হয়ে ইতালি যাওয়ার জন্য মাদারীপুরের ১০ যুবক দেশ ত্যাগ করার পর ১০ মাস ধরে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের পরিবারের সদস্যরা সন্তানদের খোঁজ করতে প্রশাসনের সহযোগিতা চাইছেন।নিখোঁজ যুবকরা বেঁচে আছেন, নাকি মারা গেছেন; সে সম্পর্কে কিছুই জানেন না তারা। অথচ প্রত্যেক পরিবারের কাছ থেকে ২৮ থেকে ৩০ লাখ টাকা করে হাতিয়ে নিয়েছে একটি দালাল চক্র। সেই টাকায় দালালরা রাতারাতি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করলেও নিখোঁজ যুবকদের খোঁজ নিতে গেলেই চক্রের সদস্যরা লাপাত্তা হয়ে যান। দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সন্তানদের ফিরিয়ে দিতে সরকারের সহযোগিতা চাইছে ভুক্তভোগী পরিবারগুলো।মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, নিখোঁজ ১০ যুবকের মধ্যে এক জনের পরিবার একটি মামলা করেছে। সেই মামলায় তিনজন গ্রেফতার রয়েছে। বাকি পরিবারগুলো লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।নিখোঁজ যুবকেরা হলেন—মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নয়াকান্দি এলাকার আনোয়ার বেপারীর ছেলে লিমন বেপারী (১৯), একই এলাকার হেমায়েত মাতুব্বরের ছেলে রবিউল মাতুব্বর (২২), দত্তেরহাট এলাকার টিটু মাতুব্বরের ছেলে মো. জয় মাতুব্বর (২০), একই এলাকার মোক্তার হাওলাদারের ছেলে জীদান হোসেন হাওলাদার (১৮), মোস্তফাপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকার জুলহাস চোকদারের ছেলে ওয়ালিদ হাসান অভি (১৯), পেয়ারপুর ইউনিয়নের মাছকান্দি এলাকার মোহাম্মদ আলী (২২), রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মাচ্চর এলাকার আবুল বাশার মাতুব্বরের ছেলে শরিফুল ইসলাম (২৭), একই ইউনিয়নের পাখুল্লা এলাকার হাশেম খাঁর ছেলে আজমুল খাঁ (৩০), মোল্লাকান্দি এলাকার কালু মজুমদারের ছেলে তুহিন মজুমদার (২৩) এবং শহরের নতুন বাস স্ট্যান্ড এলাকার মো. মাহাবুব (২১)।