
মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপির সাত নেতা-কর্মীকে হত্যার হুমকি দিয়ে লেখা একটি চিরকুট উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চিরকুটে হুমকিদাতা হিসেবে ‘জোড়পুকুর আওয়ামী লীগ’-এর নাম উল্লেখ থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে।শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের একটি দোকানের দেয়ালে লাগানো চিরকুটটি প্রথম নজরে আসে স্থানীয়দের। চিরকুটে স্থানীয় বিএনপির সাত নেতা-কর্মীর নাম উল্লেখ করে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকির মুখে পড়া নেতাকর্মীরা হলেন— হাফিজুল ইসলাম, এনামুল, মহিবুল, সেন্টু, রফিকুল, মিঠুন ও জিকো।চিরকুটে হুমকিদাতারা লেখেন, গ্রামছাড়া করার প্রতিশোধ হিসেবে এসব বিএনপি নেতা-কর্মীকে ‘দুনিয়াছাড়া’ করা হবে। এতে লেখা ছিল— “তোদের আমরা দুনিয়া ছারা করব। তৈরি থাকিস।”স্থানীয় বাসিন্দাদের ধারণা, বৃহস্পতিবার গভীর রাতে কোনো এক সময় চিরকুটটি দেয়ালে লাগানো হয়। শুক্রবার সকালে হাঁটতে বের হয়ে গ্রামবাসীরা বিষয়টি দেখতে পান। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এ ঘটনার পর স্থানীয়রা দ্রুত হুমকিদাতাদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি কর্মী অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী এ ধরনের হুমকি দিচ্ছে। চিরকুট উদ্ধারের পর বিএনপির নেতা-কর্মীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও তিনি জানান।এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলে তিনি আশ্বাস দেন।