
কুমিল্লা থেকে ‘নাড়ু’ নামে বুকিং করা দুটি কার্টন থেকে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাতে জেলা শহরের শান্তিমোড় এলাকায় এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি শাখায় অভিযান চালিয়ে মাদকগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস-এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল কুরিয়ার অফিসে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন দুটি কার্টন তল্লাশি করে সাতটি পৃথক প্যাকেটে রাখা প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।প্রাথমিক তদন্তে জানা গেছে, কার্টন দুটিতে ‘নাড়ু’ হিসেবে পণ্য বুকিং করা হয়েছিল। তবে তল্লাশির সময় ভেতরে বিপুল পরিমাণ গাঁজা পাওয়া যায়, যা মাদক পাচারের একটি কৌশল বলে ধারণা করছে পুলিশ।ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।