
রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ মোট ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এই আবেদন করেন নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য বিষয়টি অপেক্ষমাণ রাখেন।বাদীপক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার আবেদনে বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক ও পরিচালনা পর্যায়ের কয়েকজন কর্মকর্তা, রাজউক ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে ৩৬ জন নিহত হন, যাদের মধ্যে ২৮ জনই ছিল শিক্ষার্থী।তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, প্রশিক্ষণার্থী পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটে।