
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ও রানওয়ে নির্মাণকাজে ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সাবেক প্রধান প্রকৌশলী মো. হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের একটি দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজির আহমেদ। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।দুদক সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৭ জানুয়ারি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত চলাকালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।দুদক আদালতে জানায়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে, আলামত নষ্ট ও সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কা থাকায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলেন—সাবেক সিনিয়র সচিব মুহিবুল হক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব জনেন্দ্রনাথ সরকার, বেবিচকের সাবেক চেয়ারম্যান এম মফিদুর রহমান, সাবেক প্রধান প্রকৌশলী মো. আব্দুল মালেক, অ্যারোনেস ইন্টারন্যাশনালের মালিক লুৎফুল্লাহ মাজেদ, এমডি মাহবুব আনাম, সাবেক উপসচিব মো. শফিকুল ইসলাম এবং প্রকল্প পরিচালক মো. ইউনুস ভূঁইয়া।মামলার এজাহার অনুযায়ী, কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার অনিয়মের তথ্য পাওয়া গেছে। অভিযোগে বলা হয়, প্রচলিত ক্রয়প্রক্রিয়া ও সরকারি বিধিবিধান লঙ্ঘন করে একটি চীনা কোম্পানিকে কার্যাদেশ প্রদানে প্রত্যক্ষ সহযোগিতা করেন সংশ্লিষ্ট আসামিরা। পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে স্থানীয় এজেন্ট অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের সঙ্গে যোগসাজশে প্রকল্প থেকে অন্তত ১৫০ কোটি টাকা লুটপাট করা হয়েছে।