
গত ২২ সেপ্টেম্বর সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পাসপোর্ট প্রদান করে আগারগাঁও অফিস। এছাড়া সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও তার স্বামীর ক্ষেত্রে কোনো দাপ্তরিক চিঠি ছাড়াই ‘মোবাইল এনরোলমেন্টের’ মাধ্যমে ছবি তোলার ব্যবস্থা করে দেন ইসমাইল হোসেন। অথচ ওই সময় প্রধান উপদেষ্টার ছবি সংগ্রহের জন্য অধিদপ্তরে অফিশিয়াল চিঠি চালাচালির প্রয়োজন হয়েছিল।অনুসন্ধানে জানা গেছে, উপপরিচালক ইসমাইল হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস মালেকের ভাগ্নি জামাই। রাজনৈতিক প্রভাব খাটিয়ে একজন উপপরিচালক হয়েও তিনি পরিচালকের চেয়ার দখল করে আছেন। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পিএস মনির ও মন্ত্রীর ছেলে জ্যোতির সঙ্গে সখ্যতা গড়ে তুলে বদলি ও তদ্বির বাণিজ্যের মাধ্যমে তিনি অঢেল সম্পদের মালিক হয়েছেন। ঢাকার ভেতরে ও বাইরে তার নামে-বেনামে একাধিক ফ্ল্যাট, প্লট ও বিপুল পরিমাণ জমির শেয়ার রয়েছে। তার ব্যাংক হিসাব ও আয়কর রিটার্নেও ব্যাপক গরমিল পাওয়া গেছে।