
গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে একটি কারখানার সামনে অস্ত্রধারীদের শতাধিক মোটরসাইকেলের মহড়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ সময় কারখানার ভেতরে অবস্থানরত বিদেশি ক্রেতারাও (বায়ার) দীর্ঘসময় অবরুদ্ধ অবস্থায় ছিলেন বলে জানা গেছে।রোববার (২৮ জুন) দুপুর আড়াইটার দিকে টঙ্গী বিসিক শিল্পনগরীর পাগার এলাকায় অবস্থিত ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে হঠাৎ কয়েক শতাধিক মোটরসাইকেল কারখানার প্রধান ফটকের সামনে জড়ো হয়। এতে শ্রমিক-কর্মচারী, ব্যবসায়ী এবং আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে ভয়ে আশপাশের অনেক দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ এলাকা ত্যাগ করতে শুরু করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, মহড়ায় অংশ নেওয়া বেশিরভাগ ব্যক্তি কারখানার ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা বাধা দেন। পরে ৮ থেকে ১০ জনের একটি প্রতিনিধি দল কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে। বৈঠকে তারা দাবি করেন, তাদের সঙ্গে সমঝোতা ছাড়া কারখানার ঝুট অন্য কাউকে দেওয়া যাবে না। পরিচয় জানতে চাইলে তারা নিজেদের সিটি করপোরেশনের প্রশাসকের লোক বলে দাবি করেন।কারখানার প্রশাসনিক কর্মকর্তা আল আমিন বলেন, ঘটনার সময় কারখানার ভেতরে বিদেশি ক্রেতারা অবস্থান করছিলেন। আকস্মিক এ পরিস্থিতিতে তারাও আতঙ্কিত হয়ে পড়েন এবং দীর্ঘসময় কারখানার ভেতরে অবস্থান করতে বাধ্য হন।বর্তমান ঝুট ব্যবসায়ী নুরুজ্জামান বলেন, নিয়ম মেনেই তারা দীর্ঘদিন ধরে ঝুটের ব্যবসা পরিচালনা করছেন। তবে হঠাৎ করে অস্ত্রসহ শতাধিক লোকজন এসে কারখানার সামনে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে এবং ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ দাবি করে গেছে।ঘটনার পর পুরো শিল্পাঞ্চলে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ী ও শ্রমিকরা।