
রাজধানীর ওয়ারী থানা এলাকায় সংঘটিত ৫৭ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৭ ভরি লুণ্ঠিত স্বর্ণ, স্বর্ণ বিক্রির ৬ লাখ ৮০ হাজার টাকা, ২টি মোবাইল ফোন, ১টি খেলনা পিস্তল, ২টি ওয়াকি-টকি সেট, ১ জোড়া হ্যান্ডকাফ, ৩টি ডিবি কটি, ২টি লাঠি, ১টি মোটরসাইকেল এবং ১টি মাইক্রোবাস উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— শহিদুল ইসলাম মাঝি (৬০), আব্দুল মালেক (৫৫), মোঃ মনির হোসেন (৪৫), ইউসুফ কাজী (৬৫), রাইসুল ইসলাম (৩৪), আরিফুল ইসলাম (৩৪), মোঃ আফজাল হোসেন (৩০), তিন্নাথ পাল (৩৮) ও রিপন পাল (৩৬)।পুলিশ জানায়, বুধবার (২৭ মে) রাত আনুমানিক ১০:২০ ঘটিকায় ওয়ারী থানাধীন নবাবপুর রোডের রথখোলা মোড়ে স্বর্ণ ব্যবসায়ী হরিপদ পাল ও তার ম্যানেজার ৫৭ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ ৪৭ হাজার টাকা নিয়ে বাসায় ফেরার পথে একটি সংঘবদ্ধ চক্র তাদের গতিরোধ করে। পরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদের একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়।পরবর্তীতে চোখ-মুখ বেঁধে প্রাণনাশের হুমকি দিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে কমলাপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় চক্রটি। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ওয়ারী থানায় মামলা দায়ের করা হয়।তদন্তকালে ওয়ারী থানা পুলিশের একটি টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রবিবার (৬ জুন) সকাল ১১:৩০ ঘটিকায় ইত্তেফাক মোড় এলাকায় পুনরায় ডাকাতির প্রস্তুতিকালে চক্রটির ৬ সদস্যকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ডিবি পুলিশের কটি, খেলনা পিস্তল, ওয়াকি-টকি সেট, হ্যান্ডকাফ, লাঠি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।