
১৩ কোটি ৯৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে ফের গ্রেপ্তার দেখানো হয়েছে।শনিবার (২৩ মে) আসামির উপস্থিতিতে শুনানি শেষে ঢাকা মহানগর বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।জ্যাকবের আইনজীবী খায়ের উদ্দিন শিকদার জানান, আসামির পক্ষে জামিন আবেদন করা হলেও আদালত আগামী ১৬ জুন জামিন শুনানির দিন ধার্য করেছেন।মামলার এজাহারে বলা হয়েছে, জ্যাকব জ্ঞাত আয়ের উৎসের বাইরে প্রায় ১৩ কোটি ৯৮ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন। এছাড়া তার নিয়ন্ত্রণাধীন ১৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে সন্দেহজনকভাবে ৮৫ কোটি ৬৯ লাখ টাকার বেশি লেনদেন হয়েছে বলে অভিযোগ রয়েছে।দুদকের অভিযোগ অনুযায়ী, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অর্জিত অর্থ স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করা হয়েছে। মামলাটি দায়ের করেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক এস. এম রাশেদুর রেজা।অভিযোগে আরও বলা হয়, ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে ধানমন্ডিসহ ঢাকা ও ভোলার বিভিন্ন এলাকায় এসব অপরাধ সংঘটিত হয়েছে।