
রাজধানীর সবুজবাগ থানা এলাকায় দেশীয় অস্ত্র ও একটি মোটরসাইকেলসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর সবুজবাগ থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন— মো. আশরাফুল হাসান ওরফে সামির (২২), মো. মেহেদী হাসান ওরফে সীমান্ত (২৩) এবং মো. শামীম হোসাইন (২১)।পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৮ মে) রাতে সবুজবাগ থানা পুলিশের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আহমেদবাগ পানির পাম্প সংলগ্ন আহমেদবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে কয়েকজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে মোটরসাইকেলযোগে দস্যুতা সংঘটনের প্রস্তুতি নিচ্ছে।খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে তারা। এ সময় তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সিলভার রঙের ধারালো স্টিলের চাপাতি এবং একটি পুরোনো কালো রঙের পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।