
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একাধিক হত্যা ও ছিনতাই মামলার শীর্ষ আসামিদের গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছে ধানমন্ডি থানা পুলিশ। আত্মরক্ষার্থে পুলিশের গুলিতে এক ছিনতাইকারী আহত হয়। পরে যৌথ অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো— মো. পলাশ সরকার ওরফে পলাশ (২৯), সাকিব সরকার ওরফে সাকিব (২০) ও বিপ্লব হোসেন (৩১)। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুরের টাউন হল এলাকায় ধানমন্ডি ও মোহাম্মদপুর থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।পুলিশ জানায়, ধানমন্ডি থানার একটি মামলার সন্দেহভাজন আসামিরা ওই এলাকায় অবস্থান করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় এসআই সাইফুল আলমকে চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করা হয় এবং চাপাতি দিয়ে কোপ দেওয়ার চেষ্টা করা হলে আত্মরক্ষার্থে পুলিশ ৪ রাউন্ড গুলি ছোড়ে। এতে সাকিবের পায়ে গুলি লাগে।অভিযান শেষে তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, চাপাতি, ছুরি, ফোল্ডিং ছুরি, খেলনা পিস্তল, ৮টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রেফতারকৃতরা শীর্ষ ছিনতাইকারী চক্রের সদস্য। পলাশ সরকারের বিরুদ্ধে টঙ্গীপূর্ব থানায় একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।