
রাজধানীর গুলশান থানার ওসি (অপারেশন) মিজানুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না করা, বাদী-বিবাদীদের আপসের চাপ দেওয়া এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে।অভিযোগ সূত্রে জানা যায়, সিআর মামলা নং- ২৬২৭/২০২৫ এ জাহি হোমসের পক্ষে শাহিদুজ্জামান বাদী হয়ে সোনিয়া বেগমকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলাটি এক বছরের বেশি সময় ধরে ঝুলে থাকলেও এখনো পর্যন্ত তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়নি।ভুক্তভোগীদের দাবি, মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকা ওসি (অপারেশন) মিজানুর রহমান ইচ্ছাকৃতভাবে মামলাটি ঝুলিয়ে রেখেছেন। তিনি বিভিন্ন সময় বিবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ভয় দেখিয়ে আপসের জন্য চাপ প্রয়োগ করেছেন বলেও অভিযোগ রয়েছে।অভিযোগে আরও বলা হয়, মামলার মূল বিষয় ছিল একটি নির্মাণাধীন ভবনের ফ্লোরসংক্রান্ত বিরোধ। সাততলা পর্যন্ত নির্মাণের চুক্তি হলেও বর্তমানে শুধুমাত্র তিন তলার ছাদ ঢালাই পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে। এরপর আর কোনো নির্মাণকাজ এগোয়নি। দীর্ঘ সময় ধরে কাজ বন্ধ থাকলেও এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি।সাবেক ওসি হাফিজুর রহমান দায়িত্বে থাকাকালে ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজের অবস্থা সরেজমিনে দেখে ছবি সংগ্রহ করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তার বদলির পর নতুন একজন ওসি এলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।এছাড়াও ওসি মিজানুর রহমানের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, বিভিন্ন বিউটি পার্লার থেকে অবৈধভাবে অর্থ আদায় এবং নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। গুলশান এলাকার একাধিক বাসিন্দা তার বিরুদ্ধে অভিযোগ দিলেও এখনো প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছেন তারা।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।