
জব্দ করা প্রাইভেটকার আত্মসাতের অভিযোগে এএসআই গ্রেপ্তারগাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর হোসেনকে জব্দ করা একটি প্রাইভেটকার আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। শুক্রবার (৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল রহমান।মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১ মে রাতে পুবাইল এলাকায় তল্লাশির সময় একটি প্রাইভেটকার থামান এএসআই আলমগীর হোসেন। পরে গাড়িটির কাগজপত্র যাচাইয়ের কথা বলে সেটি থানায় নিয়ে যাওয়া হয়। তবে পরবর্তীতে গাড়িটি মালিকের কাছে বুঝিয়ে না দিয়ে আত্মসাতের চেষ্টা করেন তিনি বলে অভিযোগ ওঠে।এ ঘটনায় গত ৬ মে গাড়ির মালিক শেখ শরীফ হোসেন পাটোয়ারী পুবাইল থানায় আলমগীর হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ ওঠার পর পুলিশ সদর দপ্তরের নির্দেশে আলমগীর হোসেনকে ডোপ টেস্টের জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় তিনি মাদকসেবী বলে প্রমাণ পাওয়া গেছে।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ দক্ষিণ) মো. মহিউদ্দিন আহমেদ বলেন, “আত্মসাতের মামলায় এএসআই আলমগীর হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।”