
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের এফবিআই-এর দুই সদস্যের একটি প্রতিনিধিদল। সোমবার (৩ আগস্ট) পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রাইলে পামারট্রি (Riley Palmertree)।সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধি, সাইবার স্ক্যাম প্রতিরোধ, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।বৈঠকে আইজিপি বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট—পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর সঙ্গে এফবিআইয়ের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধ প্রতিরোধে এফবিআইয়ের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।