
বিগত নয় বছর (২০১৬ থেকে পরবর্তী সময়) জুড়ে দেশের বিভিন্ন থানায় দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শকদের (ওসি) আমলনামা খতিয়ে দেখতে বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সময়ে যেসব পুলিশ কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার, শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, ফ্ল্যাট ও প্লট বরাদ্দ এবং বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছেন—তাদের বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চালানো হচ্ছে বলে জানা গেছে।পুলিশ সদর দফতর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য একাধিক সূত্র জানায়, বিগত নয় বছরে দেশের ৬৪ জেলা ও বিভিন্ন মহানগর পুলিশের আওতাধীন থানায় কর্মরত ছিলেন এমন ওসিদের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা হয়েছে। তাদের বর্তমান কর্মস্থল, পদমর্যাদা এবং চাকরির বর্তমান প্রশাসনিক অবস্থান পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হচ্ছে।সূত্রের মতে, ওই সময়ে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ও বিপুল পরিমাণ সম্পদ অর্জনের সাথে জড়িত কর্মকর্তাদের একটি সুনির্দিষ্ট তালিকা প্রস্তুত করা হয়েছে। অনুসন্ধানে অপরাধ প্রমাণ সাপেক্ষে অভিযুক্ত এসব কর্মকর্তাদের বিরুদ্ধে বাধ্যতামূলক অবসর প্রদানসহ কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনা করছে সংশ্লিষ্ট বিভাগ।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ইতোমধ্যে পুলিশ সদর দফতর সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই বিস্তারিত তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তালিকায় বর্তমানে কর্মরত কর্মকর্তাদের পাশাপাশি সম্প্রতি অবসরে যাওয়া, পদোন্নতিপ্রাপ্ত এবং অন্যান্য ইউনিটে বদলি হওয়া কর্মকর্তাদের নাম ও সার্বিক তথ্যও অন্তর্ভুক্ত করা হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে পুলিশ সদর দফতরের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, বিগত সময়ের বিভিন্ন থানায় দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিস্তারিত প্রশাসনিক ও ব্যক্তিগত রেকর্ড যাচাই করা হচ্ছে। তদন্ত শেষেই তাদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।