
কুমিল্লায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠুর অভিযোগের জবাবে ক্ষোভ প্রকাশ করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ফখরুল ইসলাম মিঠু অভিযোগ করেন, এসপি কুমিল্লায় যোগদানের পর ‘ফ্যাসিস্টরা’ সক্রিয় হয়ে উঠেছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।এর জবাবে এসপি আনিসুজ্জামান বলেন, তথ্য-প্রমাণ ছাড়া এ ধরনের মন্তব্য করা ঠিক নয়। তিনি বলেন, “এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। কথা বললে তথ্য নিয়ে বলবেন।”নিজের ছাত্রজীবনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “ছাত্রদল আমি নিজেও করেছি। আপনার বহু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করে এসেছি।”পুলিশের বিরুদ্ধে ঢালাও অভিযোগ না তোলার আহ্বান জানিয়ে এসপি বলেন, “যাকে আপনার পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন। মামলায় কাকে গ্রেপ্তার করা হবে, সেটি আইন অনুযায়ী নির্ধারিত হবে। ওসি কাকে গ্রেপ্তার করবে, সেই নির্দেশ আপনারা দিতে পারেন না।”তিনি আরও বলেন, কোনো বাহিনী সম্পর্কে মন্তব্য করার আগে বাস্তবতা বিবেচনা করা প্রয়োজন। ৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে পুলিশবিহীন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তবে সেই অবস্থা কাটিয়ে পুলিশ বাহিনী আবার স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে।বর্তমান সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে। মাত্র কয়েক মাসের একটি সরকারের কাছে তাৎক্ষণিক পরিবর্তন আশা করা বাস্তবসম্মত নয়।বিচারহীনতার অভিযোগ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, দেশে বিচার হচ্ছে না—এ দাবি সঠিক নয়। বিভিন্ন আলোচিত মামলায় রায় হয়েছে, অনেকের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। তিনি জানান, নিজেও বহু আসামিকে গ্রেপ্তার করে চার্জশিট দাখিল করেছেন।