
কুমিল্লার বুড়িচংয়ে সড়কে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সৃষ্টি হয় তীব্র যানজট ও ভোগান্তি।শুক্রবার সকালে উপজেলার ভারেল্লা বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। স্থানীয় সূত্র জানায়, বিক্ষুব্ধ চালকরা সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এ সময় সংসদ সদস্য হাজি জসিম উদ্দিন-এর গাড়িও অবরোধে আটকা পড়ে।বিক্ষোভকারীদের অভিযোগ, শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় প্রতিদিন তিন দফায় তাদের কাছ থেকে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হয়, তবে রসিদ দেওয়া হয় মাত্র ১৫ টাকার। দীর্ঘদিন ধরেই এ অনিয়ম চললেও প্রতিকার পাওয়া যায়নি।পরিস্থিতি উত্তপ্ত হলে এমপি হাজি জসিম উদ্দিন ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। পরে তিনি কৃষি ও মৎস্যমন্ত্রী মোহাম্মদ আব্দুর রশিদ এবং স্থানীয় বিএনপি নেতা রেজাউল কাইয়ুম-এর সঙ্গে যোগাযোগ করেন।পরবর্তীতে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।এ বিষয়ে এমপি বলেন, “সড়কে কোনো ধরনের চাঁদাবাজি করতে দেওয়া হবে না, কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”