
সরকার একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দিয়েছে। নতুন সরকার গঠনের পর প্রশাসনে এটিই সবচেয়ে বড় পদোন্নতির ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আপাতত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে তাদের নতুন কর্মস্থলে পদায়ন সংক্রান্ত আদেশ এখনো জারি হয়নি।প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে অথবা নির্ধারিত ই-মেইল ঠিকানায় যোগদানপত্র জমা দিতে পারবেন। কোনো কর্মকর্তার কর্মস্থল পরিবর্তিত হয়ে থাকলে বর্তমান কর্মরত দপ্তরের নাম-ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে।এছাড়া, পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নধর্মী তথ্য পাওয়া গেলে পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।বর্তমানে প্রশাসনে যুগ্ম-সচিবের সংখ্যা এক হাজার ৬১ জন। এবারের পদোন্নতিতে মূলত ২৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি পূর্বে পদোন্নতি থেকে বঞ্চিত বিভিন্ন ব্যাচের কর্মকর্তারাও তালিকায় স্থান পেয়েছেন।‘সরকারের উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২’ অনুযায়ী, যুগ্ম-সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭০ শতাংশ প্রশাসন ক্যাডার এবং ৩০ শতাংশ অন্যান্য ক্যাডারের উপসচিবদের বিবেচনায় নেওয়ার বিধান রয়েছে।বিধিমালা অনুযায়ী, উপসচিব পদে কমপক্ষে পাঁচ বছর চাকরিসহ সংশ্লিষ্ট ক্যাডারে ১৫ বছরের অভিজ্ঞতা অথবা উপসচিব হিসেবে অন্তত তিন বছরসহ মোট ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে কোনো কর্মকর্তা যুগ্ম-সচিব পদে পদোন্নতির জন্য বিবেচিত হন।