
৯ মাস ধরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) রাজধানীর যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার (মেয়র হানিফ ফ্লাইওভার) থেকে আদায় করা টোলের টাকার ভাগ দিচ্ছে না ওরিয়ন গ্রুপ। কাঙ্ক্ষিত পরিমাণে যানবাহন না চলার অজুহাত দেখিয়ে গেল বছরের মে মাস থেকে প্রায় ২৮০ দিন ধরে (চলতি বছরের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত) সিটি করপোরেশনকে কোনো টাকা দেয়নি তারা।এমন ঘটনা অবশ্য নতুন নয়, এর আগে একই কারণ দেখিয়ে প্রায় সাড়ে ৬ বছরেরও বেশি সময় সরকারকে রাজস্ব দেয়নি প্রতিষ্ঠানটি। এবার কম যানবাহন চলাচলের কথা বলে টোলের ভাগ বন্ধ রাখার পাশাপাশি আরও দুই হাজার ৩৪ দিনের জন্য (৫ বছর ৬ মাস ২৮ দিন) চুক্তির মেয়াদ বাড়ানোর আবেদনও জানিয়েছে ওরিয়ন।