
রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগের একটি মিছিল থেকে ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (২১ জুন) সকালে কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কলেজগেট এলাকায় মিছিল বের করলে কর্তব্যরত পুলিশ তাদের ধাওয়া দিয়ে আটক করে। আটক ব্যক্তিরা মোহাম্মদপুর, আদাবর ও ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে।আটককৃতরা হলেন— সজীব সর্দার, মো. নাজির হোসেন, মো. কবির, কালাম ফরাজী, আলী রাজ হুসাইন, স্বপন, সিরাজ, মো. হেলাল হোসেন ও আসাদ উদ্দিনসহ ১০ জন।ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।