
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আগামীকাল শনিবার (৩০ মে) জমা দেয়া হবে।শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড পরিদর্শনে কিছু নির্মাণগত ত্রুটি শনাক্ত হয়েছে। তবে নবজাতকদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।এর আগে আদ-দ্বীন হাসপাতালের ওই ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর হাসপাতালটিতে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি খতিয়ে দেখতে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, তদন্ত প্রতিবেদনে মৃত্যুর কারণ, হাসপাতালের অব্যবস্থাপনা কিংবা অবহেলার বিষয় উঠে এলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।