
রাজধানীতে নিষিদ্ধঘোষিত সংগঠনের সম্ভাব্য তৎপরতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন কার্যক্রম নজরদারিতে রেখে নগরজুড়ে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।শনিবার (১৬ মে) দিবাগত রাতে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।ডিএমপির একটি ঊর্ধ্বতন সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে কন্ট্রোল রুম থেকে রাজধানীর সব থানায় বিশেষ বার্তা পাঠানো হয়। সেখানে নগরজুড়ে নিরাপত্তা আরও জোরদার, ভোররাতে অলিগলি ও গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত টহল এবং নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, ১৭ মে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে কেন্দ্র করে নিষিদ্ধঘোষিত সংগঠনের পক্ষ থেকে রাজধানীতে ঝটিকা মিছিল বা অন্য কোনো কর্মসূচির চেষ্টা হতে পারে। এসব অবৈধ ও অপরাধমূলক তৎপরতা প্রতিহত করতেই সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।